কাঁধে আঘাত পেলেও আসন্ন বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে মোহাম্মদ সালাহ খেলতে পারবেন। মিসরের জাতীয় দলের চিকিৎসক মোহাম্মদ আবুল এলা গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন। খবর আহরাম অনলাইন।
তিনি বলেন, সালাহ ইনজুরিতে পড়লেও নির্দিষ্ট সময়েই সুস্থ হয়ে উঠবেন এবং বিশ্বকাপে খেলতে সক্ষম হবেন।
শনিবার (২৬মে) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়ার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৫ বছর বয়সী এ তারকা।
চিকিৎসকরা বলছেন, বেশ লম্বা সময় সালাহকে বিশ্রাম ও চিকিৎসা নিতে হবে।
চলতি মৌসুমে ফর্মের মগডালে মোহাম্মদ সালাহ। তার ডানায় চড়েই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। তাকে ঘিরেই দীর্ঘ ১৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল অলরেডরা। সেই যাত্রায় বড়সড় ধাক্কা খেল তারা।
শুরুতে সালাহর আঘাতের ধরন দেখে লিভারপুল কোচও শুনিয়েছিলেন হতাশার বাণী। বিশ্বকাপে সালাহ খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।
মিসরের জাতীয় দলের চিকিৎসক মোহাম্মদ আবুল এলা জানান, লিভারপুলের কর্মকর্তারা সালাহর এক্স-রে করিয়েছেন। তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে মনে হচ্ছে বিশ্বকাপে খেলতে সালাহর কোনো সমস্যা হবে না।
এদিকে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইটবার্তায় জানিয়েছে, তারা লিভারপুলের মেডিকেল টিমের সঙ্গে সালাহর বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.