ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস কারখানায় ৩ দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৩ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারপ্রধান শেখ হাসিনা। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।

বৈঠকে বেশ কয়েকটি আইনের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ বহাল রাখতে হবে অন্তত ১৬ মে পর্যন্ত। এ সময় দেশে বিপণিবিতান খোলা থাকলেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেসব তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া সর্বত্র মাস্ক ব্যবহার না করলে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.